ফরাসি টিকা নির্মাতা প্রতিষ্ঠান ভালনেভার ৮ দশমিক ১ শতাংশ অংশীদারত্ব কিনছে ফাইজার। লাইম রোগ মোকাবেলায় চিকিৎসা পদ্ধতি উন্নয়নে প্রতিষ্ঠানটিতে এ বিনিয়োগে সম্মত হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টটি। খবর রয়টার্স।

শেয়ারপ্রতি ৯ ইউরো ৪৯ সেন্ট মূল্যে ভালনেভার এ অংশীদারত্ব কিনছে ফাইজার। সবমিলিয়ে সংস্থাটিকে ৯ কোটি ৫ লাখ ইউরো (৯ কোটি ৫২ লাখ ডলার) পরিশোধ করতে হবে। কভিড-১৯ টিকা তৈরিতেও কাজ করছে ফ্রান্সের এ প্রতিষ্ঠান। ভিএলএ১৫ নামের লাইম রোগের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল পরিচালনায় এ অর্থ ব্যবহার করছে সংস্থাটি।

এরই মধ্যে ভালনেভা ও ফাইজার তাদের সহযোগিতা ও লাইসেন্স চুক্তির শর্তাবলিও হালনাগাদ করেছে। লাইম রোগের টিকা আবিষ্কারের জন্য ২০২০ সালের ৩০ এপ্রিল এ চুক্তির ঘোষণা দেয়া হয়েছিল।

ভালনেভার প্রধান নির্বাহী থমাস নিঙ্গেলবাখ বলেন, আমরা দুই বছর ধরে একসঙ্গে কাজ করছি। ভালনেভায় ফাইজারের বিনিয়োগ এ সহযোগিতাপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। পাশাপাশি এটি আমাদের টিকা প্রযুক্তিতে দক্ষতার একটি স্বীকৃতিও।

 এর আগে গত ২৬ এপ্রিল ঘোষণা দেয়া হয়, ফাইজার চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভিএলএ১৫ টিকার তৃতীয় পর্যায়ে ট্রায়াল শুরুর পরিকল্পনা করেছে। সংশোধিত চুক্তির অধীনে ভালনেভা এ ট্রায়ালে মোট ব্যয়ের ৪০ শতাংশ তহবিল দেবে। আগে এটি ছিল ৩০ শতাংশ।