ফিউচার মার্কেটে টানা দুদিন নিম্নমুখী থাকার পর ফের বেড়েছে জাপানি রাবারের দাম। গতকাল সাত বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যে পণ্যটি লেনদেন হয়েছে। জাপানের পুঁজিবাজারে বড় ধরনের উত্থান এবং অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিই এর মূল কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) সর্বশেষ কার্যদিবসে জাপানি রাবারের জুলাইয়ে সরবরাহ চুক্তির দাম ৭ দশমিক ৬ ইয়েন বা ২ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩০৩ দশমিক ৬ ইয়েনে (২ ডলার ২ সেন্ট), যা ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে রাবারের মে মাসে সরবরাহ চুক্তির দাম ২২৫ ইউয়ান বেড়ে টনপ্রতি ১৩ হাজার ৭৬০ ইউয়ানে উঠেছে।

টোকিও স্টক এক্সচেঞ্জের (টিএসই) সার্বিক সূচক নিক্কেই ২২৫ বর্তমানে সর্বকালের সর্বোচ্চে অবস্থান করছে। সূচকটির এমন উত্থান জাপানের সার্বিক অর্থনীতি ও বিনিয়োগে ইতিবাচক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। টয়োটা, হোন্ডা ও নিশানসহ জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা ও শিল্প খাতের অনেক কোম্পানিই নিক্কেই ২২৫ সূচকের তালিকাভুক্ত। এ কোম্পানিগুলোর ভালো পারফরম্যান্সের অর্থ হলো দেশের সার্বিক অর্থনীতি জোরালো প্রবৃদ্ধির ধারায় আছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বেড়ে যায় রাবারের মতো শিল্পপণ্যের চাহিদা।

অন্যদিকে ইয়েনের বিনিময় হার কমে যাওয়ায় জাপানের রফতানি আরো বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বিদেশী বিনিয়োগকারীদের কাছে আরো সাশ্রয়ী হয়েছে রাবারের সরবরাহ চুক্তির মতো ইয়েনে লেনদেন হওয়া সম্পদ। বিনিয়োগ চাহিদা বৃদ্ধি পণ্যটির বাজারকে চাঙ্গা করে তুলেছে।