দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি ডলারের ঋণ পর্যালোচনাবিষয়ক চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রোববার ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, কয়েক দিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত করা হবে। খবর রয়টার্স।
আইএমএফের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফের প্রতিনিধিরা পর্যালোচনাভিত্তিক মূল কাজগুলো চূড়ান্ত করেছেন। কয়েক দিনের মধ্যে চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টাইন অর্থনীতির প্রায় প্রতিটি খাত। রাতারাতি অবমূল্যায়ন ঘটেছে দেশটির মুদ্রা পেসোর। আইএমএফের চুক্তি শর্তানুসারে আর্জেন্টিনা এখন কর ও মুদ্রা অবমূল্যায়নসংক্রান্ত পরিবর্তনে প্রস্তুত। আর্জেন্টিনার একজন সরকারি কর্মকর্তার তথ্যমতে, চুক্তির অংশ হিসেবে আর্জেন্টিনা পেসোর অবমূল্যায়ন করবে। পাশাপাশি কৃষি রফতানি ও আমদানি শুল্কের ওপর নতুন হার প্রবর্তন করতে যাচ্ছে।
ফলে ভুট্টা রফতানিকারক দেশটি বিদেশের বাজারে তাদের পণ্যপ্রতি ইউএস ডলারের বিপরীতে ৩৪০ পেসোতে বিক্রি করতে সক্ষম হবে। রফতানি বৃদ্ধির জন্য অস্থায়ী হারটি কার্যকর থাকবে ৩১ আগস্ট পর্যন্ত। বর্তমানে ১ ডলার সমান ২৬৮ পেসো। এছাড়া সরকার কিছু পণ্য আমদানিতে ৭ দশমিক ৫ শতাংশ করারোপ এবং বেশির ভাগ পরিষেবা আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক প্রবর্তন করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।










