আগামী দুই দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রজন্মের হাতে বড় অংকের সম্পদ উত্তরাধিকার সূত্রে স্থানান্তর হবে, যা ‘গ্রেট ওয়েলথ ট্রান্সফার’ হিসেবে পরিচিত। পরিসংখ্যান অনুসারে, দেশটিতে উত্তরাধিকার সূত্রে সম্পদপ্রাপ্তির ক্ষেত্রে অন্যান্য প্রজন্মের চেয়ে এগিয়ে রয়েছে জেনারেশন এক্স, যা তাদের জন্য নিঃসন্দেহে ভালো একটি খবর। তবে নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, ঋণ নেয়ার হারেও অন্যান্য প্রজন্মের চেয়ে এগিয়ে রয়েছে জেনারেশন এক্স। খবর সিএনবিসি।
মার্কিন পরিবারগুলোর ঋণের বড় অংশজুড়ে রয়েছে গৃহঋণ। অনলাইনে ঋণবিষয়ক মার্কিন মার্কেটপ্লেস লেন্ডিং ট্রির তথ্য অনুসারে, গৃহঋণের পাশাপাশি ক্রেডিট কার্ড, শিক্ষা ঋণ ও গাড়ি ঋণের ক্ষেত্রেও জেনারেশন এক্সের অবদান কম নয়। ক্ষেত্র বিশেষে অন্যান্য প্রজন্ম থেকে তারা এগিয়ে রয়েছেন।
পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে ২০-৩০ বছরের মধ্যে বেবি বুমার্স (১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে যাদের জন্ম) ও পুরনো প্রজন্ম থেকে ৮৪ ট্রিলিয়ন ডলারের সম্পত্তি উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হবে। এর বড় অংশের মালিক হবেন জেনারেশন এক্স (১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে যাদের জন্ম)। সুবিধাভোগী অন্য দুটি প্রজন্মের মধ্যে রয়েছে মিলেনিয়ালস (১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম) ও জেনারেশন জেড (১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম)।
সমীক্ষায় দেখা গেছে, ষাটের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শুরুর দিকে জন্ম নেয়া জেনারেশন এক্সের লোকদের ঋণ অন্যদের তুলনায় বেশি।
লেন্ডিং ট্রির তথ্য অনুসারে, দেশটির ১০০ বড় শহরে গৃহঋণসহ মানুষের গড় ঋণ ২৪ হাজার ৬৬৮ ডলার। এর মধ্যে জেনারেশন এক্সের সবচেয়ে বেশি নন-মর্টগেজ ঋণ রয়েছে। তাদের নন-মর্টগেজ ঋণের গড় ৩৩ হাজার ৮৫৯ ডলার। এটি মিলেনিয়ালস ও জেনারেশন জেডের তুলনায় বেশি।
অবশ্য ক্রেডিট কার্ড, গাড়ি ঋণ, শিক্ষা ঋণ ও ব্যক্তিগত ঋণ নিয়ে জেনারেশন এক্সের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই মিলেনিয়ালস প্রজন্মের লোকরা।
লেন্ডিং ট্রির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ নেয়ার পরিমাণ দ্রুত বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে এ হার সবচেয়ে বেশি। আবার অঞ্চলের ওপর নির্ভর করে ঋণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে ভিন্ন। উদাহরণস্বরূপ ম্যাকঅ্যালেন ও টেক্সাসের ভোক্তাদের সব প্রজন্মের মধ্যে সর্বোচ্চ গাড়ি ঋণ রয়েছে।
বোস্টন, নিউ হ্যাভেন ও কানেকটিকাটের মতো উত্তর-পূর্বের শহরগুলোয় জেনারেশন জেডের মধ্যে শিক্ষা ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। আবার ডারহাম, উত্তর ক্যারোলাইনা, আটলান্টা ও জর্জিয়ার মতো দক্ষিণ-পূর্ব শহরগুলোয় উচ্চতর শিক্ষা ঋণের ক্ষেত্রে এগিয়ে রয়েছে মিলেনিয়ালসরা।
গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের ১০০টি বড় শহুরে এলাকায় বিভিন্ন প্রজন্মের ওপর জরিপটি পরিচালনা করে লেন্ডিং ট্রি। সংস্থার অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে এমন ৪ লাখ ২৮ হাজারের বেশি ব্যক্তির ক্রেডিট রিপোর্টের ওপর ভিত্তিতে তারা এ প্রতিবেদন তৈরি করেছে।
জরিপ অনুসারে দেখা গেছে, ওই শহরগুলোয় জেনারেশন এক্সের সর্বোচ্চ মাঝারি নন-মর্টগেজ ঋণ রয়েছে ৩৩ হাজার ৮৫৯ ডলার। এ প্রজন্মের প্রায় ৯৯ শতাংশেরই কোনো না কোনো ধরনের ঋণ রয়েছে বলে জানা গেছে।
জরিপে ঋণের ভিত্তিতে গঠন করা চারটি বিভাগের মধ্যে তিনটিতেই শীর্ষে রয়েছে জেনারেশন এক্স। সর্বোচ্চ থেকে মাঝারি পর্যায়ে ক্রেডিট কার্ড, গাড়ি ঋণ ও শিক্ষা ঋণ গ্রহীতাদের মধ্যে অন্তর্ভুক্ত আছেন তারা।
এক্স জেনারেশনের সবচেয়ে বেশি ঋণ রয়েছে টেক্সাস ও ম্যাকঅ্যালেনে। সেখানে তাদের গড় ঋণের পরিমাণ ৪৬ হাজার ১৬৬ ডলার। এছাড়া একাধিক শহরে তাদের গাড়ি ঋণ রয়েছে গড়ে প্রায় ২৯ হাজার ডলার।
জেনারেশন এক্সের ক্রেডিট কার্ড ঋণ সবচেয়ে বেশি উত্তর-পূর্ব অঞ্চল ও ফ্লোরিডায়। গড় হিসাবে ব্রিজপোর্ট, কানেকটিকাটে ৮ হাজার ৬৯৯ ডলার, নিউইয়র্কে ৭ হাজার ৯২২, মিয়ামিতে ৭ হাজার ৭৯৭, লেকল্যান্ডে ৭ হাজার ৭৭৭ ও কেপ কোরারলে ৭ হাজার ৭৫৪ ডলার ক্রেডিট কার্ড লোন রয়েছে জেনারেশন এক্সের।
বর্তমানে জেনারেশন এক্সের বয়সসীমা সর্বোচ্চ ৫৯ থেকে সর্বনিম্ন ৪৪ বছর। তাদের এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ লোক এখনো শিক্ষা ঋণ বহন করে চলেছে। তাদের গড় ঋণ ৩১ হাজার ৬৬ ডলার যা যেকোনো প্রজন্মের তুলনায় সর্বোচ্চ।
এদিকে সম্প্রতি গবেষণা সংস্থা নিউ স্কুলস সোয়ার্জ সেন্টার ফর ইকোনমিক পলিসির এক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৫ বছরের বেশি বয়স্ক অন্তত ২২ লাখ নাগরিক এখনো তাদের শিক্ষা ঋণ পরিশোধ করেনি।










