সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন ও এ কে এম নুরুল ফজল বুলবুল। গতকাল অনুষ্ঠিত সিডিবিএলের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তী পর্ষদ সভায় আগামী দুই বছরের জন্য তারা পুনর্নির্বাচিত হন। শেখ কবির হোসেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) এবং এ কে এম নুরুল ফজল বুলবুল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) মনোনীত প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানটির পর্ষদে দায়িত্ব পালন করবেন। এর আগে সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডাররা ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এ সময় সিডিবিএলের পরিচালকদের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মনোনীত প্রতিনিধি তপন চৌধুরী, প্রাইম ব্যাংকের মনোনীত প্রতিনিধি আজম জাহাঙ্গীর চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনোনীত প্রতিনিধি মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মনোনীত প্রতিনিধি আসিফ ইব্রাহীম, সাধারণ বীমা করপোরেশনের মনোনীত প্রতিনিধি সাঈদ বেলাল হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মনোনীত প্রতিনিধি নাসের এজাজ বিজয় এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভ্র কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বিদেশী ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি, বীমা কোম্পানি, ডিএসই ও সিএসইর উদ্যোগে ২০০০ সালে সিডিবিএল প্রতিষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি