পুুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর মাত্র আট কার্যদিবসের ব্যবধানে প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে। তবে এ শেয়ারদর বৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১৭ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৬০২ টাকা ২০ পয়সা। যেখান থেকে বেড়ে গত মঙ্গলবার শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৮২২ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে মাত্র আট কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২০ টাকা ৩০ পয়সা বা ৩৬ দশমিক ৫৮ শতাংশ। তবে গত বুধবার কোম্পানিটির শেয়ার স্থির থাকলেও বৃহস্পতিবার ৩০ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৬৬ শতাংশ কমেছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ১ লাখ ৮২ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। আর গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৮ হাজার ৭২২টি শেয়ার।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ন্যাশনাল টি কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ১২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৩১ টাকা ৯১ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৭৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫২ টাকা ১৪ পয়সায়।

তবে তিন প্রান্তিক মিলিয়ে লোকসান কমলেও তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বেড়েছে। আলোচ্য প্রান্তিকে ন্যাশনাল টি কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৯ টাকা ৭৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ টাকা ৩২ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৫ টাকা ৪৬ পয়সা বা প্রায় ১৬ শতাংশ।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৫৫ টাকা ৭১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৮৪ টাকা ২৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১১৬ টাকা ৭৫ পয়সায়।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তার আগের হিসাব বছরে ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। ২০২৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। তার আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১৮ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।