ইরানের কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর স্বর্ণ ও জ্বালানি তেলের বাজার চাঙ্গা হয়ে উঠলেও তামার দাম কমে যায়। তবে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই ব্যবহারিক ধাতুটির দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে পণ্যটির দাম বেড়ে প্রায় আট মাসের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইর সোমবার কার্যদিবস শেষে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭ ডলার, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি ও প্রায় আট মাসের সর্বোচ্চের কাছাকাছি।

খাতসংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার জেরে জ্বালানি তেল ও স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। এর প্রভাব পড়েছে তামার বাজারেও। এছাড়া দুর্বল ডলারের কারণেও এদিন পণ্যটির দাম দৃঢ় অবস্থান নিয়েছে। এদিকে এলএমইর সোমবার কার্যদিবসে তামার সঙ্গে অ্যালুমিনিয়াম, দস্তা, নিকেলসহ অন্যান্য ধাতুর দামও বেড়েছে।