ক্রমেই চাঙ্গা হয়ে উঠছে প্লাটিনামের আন্তর্জাতিক বাজার। এ ধারাবাহিকতায় সম্প্রতি মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে গেছে। ছয় বছরের বেশি সময়ের মধ্যে এবারই প্রথম প্লাটিনামের আউন্স ১ হাজার ৩০০ ডলারের মাইলফলক ছাড়াল। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ব্লুমবার্গ।

যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স প্লাটিনামের স্পটমূল্য ছিল ১ হাজার ৩০৬ ডলার ২২ সেন্ট। তবে দিনের মধ্যভাগে মূল্যবান ধাতুটির স্পটমূল্য আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৩১৪ ডলার ৪০ সেন্টে বিক্রি হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরের পর এটাই প্লাটিনামের সর্বোচ্চ স্পটমূল্য। তবে লন্ডনের বাজারে সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স প্লাটিনামের স্পটমূল্য ছিল ১ হাজার ২৯৪ ডলার ৬০ সেন্ট।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বিসিএস গ্লোবাল মার্কেটসের বাজার কৌশলবিদ কিরিল চাক্কো বলেন, করোনা মহামারীর চরম সময়েও প্লাটিনামের বাজার তুলনামূলক স্থিতিশীল ছিল। ওই সময় বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল স্বর্ণ। এখন বিনিয়োগকারীদের মনোযোগ কাড়ছে প্লাটিনাম। ফলে মূল্যবান ধাতুটির চাহিদা ক্রমেই বাড়ছে। সে তুলনায় বিশ্ববাজারে বাড়ানো সম্ভব হয়নি প্লাটিনামের সরবরাহ। মূলত এ কারণে নতুন বছরের শুরুর দিক থেকে মূল্যবান ধাতুর বাজারে ক্রমেই চাঙ্গা হয়ে উঠছে প্লাটিনাম।