গেল বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) কম্বোডিয়া ২ লাখ ৩৩ হাজার ৬৭৭ টন রাবার রফতানি করেছে, যা ২০১৮ সালের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি। একই সময়ে এ খাতে দেশটি ৩১ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব রাবার অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক পল সোফা সম্প্রতি এ তথ্য জানান। খবর নমপেন পোস্ট। 

তথ্যমতে, ২০১৯ সালের প্রথম ১১ মাসে কম্বোডিয়ার কৃষকরা মোট ৪ লাখ ৩৪ হাজার ৫৫২ হেক্টর জমিতে রাবার চাষ করেন। এর মধ্যে ২ লাখ ৩০ হাজার হেক্টর থেকে ফসল সংগ্রহ করা হয়েছে।

কম্বোডিয়ার কৃষি, বন ও মত্স্যসম্পদ মন্ত্রণালয় গত বছরের নভেম্বরে রাবারের মান ও বাজারমূল্য বাড়াতে পণ্যটির মান সনদের ব্যবস্থা করার জন্য খাতসংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছিল। এরপর ডিসেম্বরে জেনারেল ডিরেক্টরেট অব রাবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিগাল ডিপার্টমেন্টের পরিচালক খাউন ফাল্লা জানান, এ আহ্বান পরিপালন না করা হলে পণ্যটির রফতানি মূল্যে পতন ঘটতে পারে।

এছাড়া প্রতিযোগী দেশ থাইল্যান্ড যদি প্রাকৃতিক রাবার রফতানিতে গৃহীত নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে, সেক্ষেত্রেও কম্বোডীয় রাবারের দামে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সে সময় সতর্ক করে দেন তিনি। ২০১৮ সালে দেশটি ২ লাখ ১০ হাজার টন রাবার রফতানি করেছিল, যার বাজারমূল্য ৩০ কোটি ডলার।