মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে তেলবহির্ভূত খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চাকরির বাজার ও উদ্ভাবন খাত এক্ষেত্রে ভূমিকা রেখেছে। জুলাই মাসের এসঅ্যান্ডপি গ্লোবাল পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) বলছে, এ সময়ে দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির হার বেড়েছে। তবে এ বৃদ্ধি কিছুটা শ্লথ ছিল, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। পিএমআই সূচকে উৎপাদন, নতুন অর্ডার, কর্মসংস্থান, সরবরাহকারীদের পণ্য ডেলিভারির সময়ে পরিবর্তনের কথা বলা হয়েছে। এছাড়া জ্বালানি তেলবহির্ভূত বেসরকারি খাতের কোম্পানিগুলোর ক্রয়কৃত সম্পদের মজুদেও ভিন্নতা লক্ষ করা গেছে। এক মাসিক সমীক্ষায় দেখা গেছে, হেডলাইন ইনডেক্স জুনে ছিলে ১০ মাসের সর্বোচ্চ ৫৬ দশমিক ৯-এ, যা জুলাইয়ে এসে কমে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৭-এ। সম্প্রতি দুবাই সরকার কর্তৃক প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০২৩ সালে দেশটির জিডিপি ২ দশমিক ৮ শতাংশ বেড়ে বর্তমানে ১১১ দশমিক ৩ বিলিয়ন দিরহামে উন্নীত হয়েছে। যার পেছনে ভূমিকা রেখেছে পরিবহন ও স্টোরেজ, বাসস্থান ও খাদ্য পরিষেবা এবং আর্থিক ও বীমা খাত। বছরের দ্বিতীয়ার্ধে পৌঁছার সঙ্গে সঙ্গেই দুবাইয়ের জ্বালানি তেলবহির্ভূত বেসরকারি খাতে ব্যবসায়িক কার্যক্রম ও চাহিদা বাড়ায় রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি এসেছে। এক্ষেত্রে নতুন অর্ডার বৃদ্ধি, সফল বিপণন ও প্রকল্প জয়ের ফলে উৎপাদন বৃদ্ধি প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর খালিজ টাইমস
দুবাইয়ের তেলবহির্ভূত অর্থনীতিতে প্রবৃদ্ধি অব্যাহত
মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে তেলবহির্ভূত খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চাকরির বাজার ও উদ্ভাবন খাত এক্ষেত্রে ভূমিকা রেখেছে।










