জনপ্রিয় রোবট কুকুরটি বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে জাপানি টেক জায়ান্ট সনি। গত বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সনি এ তথ্য জানায়। খবর জাপান টুডে।
আইবোর সর্বশেষ সংস্করণটি বাজারে আসার আট বছর পর এ সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে যে পরিমাণ আইবো মজুদ আছে, তা শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলবে।
জনপ্রিয় এক রোবট পোষা প্রাণী
আইবোর ইআরএস-১০০০ মডেলটি ২০১৮ সালে বাজারে আসে। এটি ৩০ সেন্টিমিটার লম্বা একটি রোবট কুকুর। এর কান দুটি নড়াচড়া করতে পারে। এর চোখে বিভিন্ন অনুভূতি প্রকাশ পায়। এছাড়া রোবটটির নাকে একটি ক্যামেরাও আছে। বাজারে আসার প্রথম ছয় মাসেই প্রায় ২০ হাজার আইবো বিক্রি হয়।
এটি হাত নাড়ানো বা মালিকের অনুকরণ করার মতো বিভিন্ন কসরত দেখাতে পারে। ফলে প্রযুক্তিপ্রেমীদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
আইবোর ইতিহাস ও ফিরে আসা
সনি প্রথম ১৯৯৯ সালে আইবো বাজারে আনে। এরপর বিভিন্ন সময় এর বেশ কয়েকটি মডেল তৈরি হয়। এর মধ্যে কিছু ছিল ধাতব রুপালি রঙের, আর কিছু ছিল গোলগাল ও আদুরে চেহারার। বিশ্বজুড়ে এ রোবট কুকুরের দেড় লাখের বেশি ইউনিট বিক্রি হয়।
তবে ২০০৬ সালে ব্যবসায়িক মন্দার কারণে সনি আইবো উৎপাদন বন্ধ করে দেয়। তখন এটিকে একটি বিলাসী পণ্য হিসেবে দেখা হতো। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ফের নতুন রূপে আইবো বাজারে ফিরিয়ে আনে।
সনি জানায়, বিক্রি বন্ধ হলেও বর্তমান গ্রাহকরা সব ধরনের সেবা পাবেন। টেক সাপোর্ট, যন্ত্রাংশ প্রতিস্থাপন ও অনলাইন ক্লাউড প্ল্যানের সাবস্ক্রিপশন সুবিধা চালু থাকবে। ক্লাউড প্ল্যানের মাধ্যমে রোবট কুকুরের স্মৃতি জমা রাখা হয়।
নতুন প্রজন্মের কোনো আইবো আসবে কিনা, তা সনি এখনো স্পষ্ট করেনি। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে আইবোর বিক্রি চলবে কিনা, তাও জানানো হয়নি। যুক্তরাষ্ট্রে বর্তমানে একটি আইবোর দাম ৩ হাজার ডলারেরও বেশি।










