বকেয়া অর্থ আদায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের কারখানা ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি নিজেদের কর্তৃত্বে নিয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এরপর থেকে এখন পর্যন্ত কোম্পানিটিকে বিক্রি সম্পর্কিত কোনো তথ্য জানানো হয়নি। বর্তমান অবস্থা ও অনিশ্চয়তা সম্পর্কে সচেতনতার লক্ষ্যে গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

লোকসানের কারণে ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিং। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি কোনো আয় বা লোকসান ছিল না। তবে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ১১ পয়সা। আর ২০১৯ হিসাব বছরে এ লোকসান ছিল ৪ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৩ টাকা ১৮ পয়সায়।