পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে পর্ষদ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচারলক বাদে কেবলমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত জ্বালানি খাতের কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এসব সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্য অনুসারে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বিদ্যমান অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে ১০ টাকা ফেসভ্যালুর ২৫ কোটি সাধারণ শেয়ার ৪০ কোটিতে উন্নীত করা হবে। এ সংশ্লিষ্ট সংঘবিধি ও সংঘস্মারকেও পরিবর্তন আনতে কোম্পানিটি। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করা হয়েছে। কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আহবান করা বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং এ ইজিএম চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩ নভেম্বর।
এর আগে ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনকালে কোম্পানিটির পর্ষদ অনুমোদিত মূলধন ১১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলেও স্টক এক্সচেঞ্জর ওয়েবসাইটে তা হালনাগাদ করা হয়নি। উভয় স্টক এক্সচেঞ্জে এখনও কোম্পানিটির অনুমোদিত মূলধন ১১০ কোটি টাকা দেখানো হচ্ছে। এর বিপরীতে বর্তমানে পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৭ কাটি ৮৩ লাখ টাকা।
২০২১-২২ হিসাব বছরে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৯ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ২৯ পয়সায়।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৭ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর সর্বনিম্ন ৩৩ টাকা ৯০ পয়সা থেকে সর্বনিম্ন ৫০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।










