বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (বিবিএস) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর কমেছে ১২ দশমিক ৪৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্জার পর্যালোচনায় দেখা যায়, গত ১১ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮ টাকা ৮০ পয়সা। এরপর ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ারদর কমেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৬ টাকা ৯০ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৬ কোটি ৫৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৬২ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩৬ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে আয় হয়েছিল ৬২ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় কমেছে ৪২ শতাংশ। প্রধমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। আগের হিসাব বছরের এ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করা হয়নি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে বিবিএসের ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়।










