ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন করেছে লংকাবাংলার দুই প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার লংকাবাংলা ফাইন্যান্স ও তার সহযোগী প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজের মধ্যে এ লেনদেন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার উভয় স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সরকারি সিকিউরিটিজের লেনদেন চালু হলেও আজই প্রথম এ লেনদেন হয়েছে।

তথ্য অনুসারে, ডিএসই ও সিএসইতে সরকারি বন্ড TB5Y0125 এর লেনদেন করেছে লংকাবাংলার এ প্রতিষ্ঠান দুটি। এ বন্ডের মেয়াদ ৫ বছর। আলোচিত বন্ডটির ক্রেতা লংকাবাংলা সিকিউরিটিজের লিমিটেড। আর বিক্রেতা হচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। উভয় স্টক এক্সচেঞ্জে বন্ডটি ১০৫ টাকা ১৯ পয়সা দরে লেনদেন হয়েছে। আর স্টক এক্সচেঞ্জ দুটিতে দুই হাওলায় এক হাজার করে বন্ডটির মোট দুই হাজার ইউনিট লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার ২৮০ টাকা।

পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্য বাড়ানো ও বন্ড বাজারের উন্নয়নের লক্ষ্যে স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের লেনদেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন চালু হয়। কিন্তু ডাটা মাইগ্রেশন পরবর্তী ডাটা ট্রান্সফার অর্থাৎ বিপিআইডি থেকে বিওআইডিতে সিকিউরিটিজ হস্তান্তরে প্রয়োজনীয় সময় না পাওয়ায় বেশকিছু আদেশ থাকার পরও এদিন লেনদেন সম্ভব হয়নি।