শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। এ উপলক্ষে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর উত্তরা সার্বজনীন মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করেন এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সবার অংশগ্রহণে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়, সে লক্ষ্যে আনসার-ভিডিপি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’

উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি নৃপেন চন্দ্র আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, ‘পূজার পাঁচ দিনসহ আগে তিন দিন এবং পরে এক দিন—মোট নয় দিনব্যাপী নিরাপত্তা দায়িত্ব পালনের উদ্যোগ দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে আস্থা আরো বৃদ্ধি করবে। এ সময় মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (অপারেশন) মো. সাইফুল্লাহ রাসেল, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) মো. আশরাফুল আলম, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো. আসাদুজ্জামান গণি এবং অন্যান্য কর্মকর্তারা।- বিজ্ঞপ্তি