চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্ব) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় বাড়লেও নিট মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা লিমিটেডের। পাশাপাশি ১৫ কোটি টাকায় জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে রেনাটা লিমিটেডের আয় হয়েছে ৮৩৭ কোটি ৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৫৬ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১০ দশমিক ৬১ শতাংশ। আয় বাড়লেও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আর্থিক ব্যয় বেড়ে যাওয়ায় নিট মুনফায় তার নেতিবাচক প্রভাব যুক্ত হয়েছে। আলোচ্য প্রান্তিকে রেনাটার কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৪ কোটি ৫২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩৬ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৮ দশমিক ৫৯ শতাংশ। এদিকে কোম্পানিটির পর্ষদ কক্সবাজারের পেকুয়া মৌজায় অবস্থিত তাদের ৪৪ দশমিক ৮৩ ডেসিমল জমি ১৫ কোটি টাকায় সাজেদা ফাউন্ডেশনের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।










