চলতি বছরের অক্টোবরে মালয়েশিয়ায় প্রাকৃতিক রাবার উৎপাদন আগের মাসের তুলনায় প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়ে ৪৮ হাজার ৫০০ টন ছাড়িয়ে গেছে। মালয়েশিয়ান স্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরে মালয়েশিয়ায় সব মিলিয়ে ৪৮ হাজার ৬৬৩ টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছে। এক মাসের ব্যবধানে দেশটিতে পণ্যটির উৎপাদন বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সব মিলিয়ে ৪৬ হাজার ১৮৭ টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছিল। সেই হিসাবে আগের মাসের তুলনায় গত অক্টোবরে মালয়েশিয়ায় প্রাকৃতিক রাবার উৎপাদন বেড়েছে ২ হাজার ৪৭৬ টন। একই সঙ্গে আগের বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের একই সময়ে দেশটিতে প্রাকৃতিক রাবার উৎপাদনে দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।

প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় মালয়েশিয়ার অবস্থান ষষ্ঠ। পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি পঞ্চম অবস্থানে রয়েছে। প্রাকৃতিক রাবারের বৈশ্বিক রফতানি বাণিজ্যের প্রায় ৭ শতাংশ জোগান দেয় মালয়েশিয়া। গত অক্টোবরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫৪ হাজার ৪৯২ টন প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে। আগের মাসের তুলনায় গত অক্টোবরে মালয়েশিয়া থেকে পণ্যটির রফতানি বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। এ সময় মালয়েশিয়া থেকে চীনের বাজারে সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে, যা মালয়েশিয়া থেকে রফতানি হওয়া প্রাকৃতিক রাবারের ৫৮ শতাংশ।

গত অক্টোবরের শেষে মালয়েশিয়ার বাজারে প্রাকৃতিক রাবারের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৭২৪ টনে। এক মাসের ব্যবধানে দেশটিতে প্রাকৃতিক রাবারের মজুদ বেড়েছে দশমিক ৬ শতাংশ।

অক্টোবরে রফতানি খাত বেশি চাঙ্গা হয়ে ওঠায় মালয়েশিয়ার বাজারে প্রাকৃতিক রাবারের দাম তুলনামূলক বাড়তির পথে রয়েছে।