স্পর্শমুক্ত ডেলিভারিকে উদ্বুদ্ধ করতে অনলাইন শপিং পয়েন্ট সার্ভিস শুরু করতে যাচ্ছে জাপান। যেসব গ্রাহক হোম ডেলিভারি নিতে চান না, তাদের সুবিধার্থে ও ডেলিভারি কর্মীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খবর মাইনিচি।
জাপান সরকারের লক্ষ্য আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া ২০২৪ অর্থবছরে পুনঃডেলিভারির পরিমাণ কমিয়ে আনা। কারণ অনলাইনে অর্ডার করার পর যখন গ্রাহক বাড়িতে থাকেন না কিংবা সাড়া না দেন, তখন পণ্যটি আবার পাঠাতে হয়। এতে সময় ও শ্রমের যে অপচয় হয়, সে হার কমাতে চায় দেশটির সরকার। এ লক্ষ্যে সম্প্রতি একটি প্রকল্প হাতে নিয়েছে ফুমিও কাশিদা সরকার। এতে যেসব গ্রাহক তাদের ঘরের দরজার সামনে থেকে ডেলিভারি নিতে চান না, তারা একটি সুবিধাজনক পয়েন্ট থেকে তা সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে অর্ডার করার সময় তাদের সুবিধাজনক সময় ও স্থান সিলেক্ট করতে হবে।
কখন ও কোথায় কতগুলো পয়েন্ট চালু করা হবে, সে বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার। এছাড়া অনলাইন শপিং অপারেটরদের জন্য ভর্তুকির ব্যবস্থাও করতে যাচ্ছে, যাতে তারা পয়েন্ট দেয়ার জন্য উৎসাহিত হয়।
২০২৪ সালের মধ্যে জাপানের পরিবহন সরবরাহ সক্ষমতা হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এপ্রিল থেকে নতুন প্রবিধান অনুসারে ট্রাকচালকরা বছরে ৯৬০ ঘণ্টার বেশি ওভারটাইম করতে পারবেন না। এমনিতেই বার্ধক্যজনিত সমস্যা ও দুর্বল মজুরির কারণে দেশটিতে ট্রাক চালকের সংকট দেখা দিয়েছে। সরকারি কর্তৃপক্ষের ধারণা, ২০১৯ সাল থেকে শুরু হওয়া এ সংকট ২০৩০ সালের মধ্যে দেশের লজিস্টিক সক্ষমতা ৩৪ শতাংশ হ্রাসে ভূমিকা রাখতে পারে।










