ভিয়েতনামের রফতানিতে ভাটা পড়েছে। টানা ছয় মাস ধরে দেশটির রফতানিতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এটি ২০০৯ সাল থেকে এ যাবৎ কালের সবচেয়ে লম্বা সময়ব্যাপী পতন। ফলে সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করা অনেক কঠিন হয়ে পড়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস থেকে প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২২ সালের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে রফতানি ৭ দশমিক ৬ শতাংশ কমেছে। ব্লুমবার্গের অর্থনীতিবিদরা এক পূর্বাভাসে বলেছেন, পণ্য রফতানির বৈদেশিক চালান ৯ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

পণ্যের উচ্চ চাহিদাকে ধরা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি হিসেবে। বিদেশে পাঠানো চালানের মূল্য প্রায় ভিয়েতনামের মোট দেশজ পণ্যের সমান। চলতি বছর সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ৫ শতাংশ। কিন্তু রফতানি কমে যাওয়ায় এ লক্ষ্য এখন নাগালের বাইরে চলে গেছে।