চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করে দেশটির সঙ্গে বাণিজ্য করবে ইরাক। সে দেশের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জানিয়েছে, ইরাকে বিদেশী মুদ্রার লেনদেন ব্যবস্থা উন্নত করতে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর রয়টার্স।

ইরাকের স্থানীয় বাজারে এখন ডলার ঘাটতি প্রকট। এ সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেয়া দেশটির জন্য অত্যাবশ্যক হয়ে উঠেছে। এজন্য চলতি মাসের শুরুতে মুদ্রা ব‍্যবস্থার পুনঃমূল্যায়ন অনুমোদন দিতে বাধ্য হয়েছে ইরাক সরকার।

এ প্রসঙ্গে সরকারের অর্থনৈতিক উপদেষ্টা মুদির সালেহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি ইরাকের প্রথমবারের মতো ইউয়ান ব্যবহার করে চীন থেকে সরাসরি লেনদেন হতে চলেছে। এর আগে চীন থেকে সব ধরনের আমদানি শুধু মার্কিন ডলারের বিনিময়ে করা হয়েছে।’

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চীন সাম্প্রতিক সময়ে আর্থিক বাজার উন্মুক্ত করছে। এছাড়া কিছু দেশ মুদ্রা ব্যবস্থায় বৈচিত্র্য আনারও পরিকল্পনা করছে। সে অনুযায়ী পদক্ষেপটি আন্তর্জাতিক মঞ্চে ইউয়ানের ক্রমবর্ধমান প্রসারণের লক্ষণ।

এক বিবৃতিতে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ পদক্ষেপের ফলে ইরাকি ব্যাংক‌গুলো আর্থিক ভারসাম্য বৃদ্ধি করতে পারবে।