আগের হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা করলেও চলতি ২০২২ হিসাব বছরের একই সময়ে লোকসান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩৬ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৬ পয়সা। কভিড-১৯-এর প্রভাবে ঋণগ্রহীতারা সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংকটির ইপিএস কমেছে। ৩০ জুন ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৭ টাকা ২৯ পয়সায়।
৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ন্যাশনাল ব্যাংক। আলোচ্য হিসাব বছরে এনবিএলের সমন্বিত ইপিএস ছিল ১২ পয়সা, আগের বছরে আয় ছিল ১ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটি সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৯১ পয়সায়।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ন্যাশনাল ব্যাংক। ২০১৯ হিসাব বছরে মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩ হাজার ২১৯ কোটি ৭৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৮ কোটি ৯০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭১। এর মধ্যে ২৮ দশমিক ৪৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ২৬ দশমিক ৪৮ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৭৯ শতাংশ বিদেশী ও বাকি ৪৪ দশমিক ২৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৭ টাকা ১০ পয়সা ও ৯ টাকা ২০ পয়সা।










