দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা কার্যকর করা হবে।
আজ বুধবার জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকা।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭৩ হাজার ১৩৩ টাকা এবং ২১ ক্যারেটের ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা বিক্রি হয়েছে। অর্থাৎ ২১ ক্যারট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বর্তমানে ৬১ হাজার ২৩৬ টাকা। এর দাম প্রতি ভরিতে বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণের প্রতি ভরির দাম বুধবার পর্যন্ত ছিল ৫০ হাজার ৯১৩ টাকা। এখন ভরিতে দাম বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে অপর ধাতু রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।










