জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়েছে অস্ট্রেলিয়া। ১ জানুয়ারি থেকে ৫ দশমিক ৭৫ শতাংশ বেশি মজুরি কার্যকর করা হবে। এমনটাই জানানো হয়েছে দেশটির সরকারি প্রতিষ্ঠান ফেয়ার ওয়ার্ক কমিশন থেকে সম্প্রতি প্রকাশিত বিবৃতিতে। খবর রয়টার্স। 

আগামী ১ জুলাই থেকে ন্যূনতম পারিশ্রমিক হবে প্রতি ঘণ্টায় ২২ দশমিক ৬১ অস্ট্রেলীয় ডলার বা ১৫ দশমিক ৩৪ মার্কিন ডলার। দেশটিতে বর্তমান মজুরি দেয়া হয় ঘণ্টায় ২১ দশমিক ৩৮ অস্ট্রেলীয় ডলার। ফেয়ার ওয়ার্ক কমিশনের নেয়া সিদ্ধান্তটির প্রভাব পড়বে ২০ লাখ কর্মীর ওপর। কমিশন থেকে বলা হয়েছে, ন্যূনতম মজুরি আমরা যেটা নির্ধারণ করেছি, সেটা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাপেক্ষে সব থেকে যৌক্তিক ও বিবেচনাপ্রসূত। নির্ধারণের ক্ষেত্রে আমরা মূল্যস্ফীতি ও কর্মীদের কর্মদক্ষতার ওপর গুরুত্ব দিয়েছি। বিশেষ করে যেন তারা ন্যূনতম মজুরির মধ্য দিয়েই মৌলিক প্রয়োজন মেটাতে সক্ষম হয়।

কোনো কোনো অর্থনীতিবিদ অবশ্য এ সিদ্ধান্তে আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ন্যূনতম মজুরি বাড়ার ঘটনা অন্যান্য বেতন খাতকেও প্রভাবিত করতে পারে। ফলে জটিল করে তুলতে পারে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের পরিস্থিতি। চাকরি ক্ষেত্রে মূল্যস্ফীতি ২-৩ শতাংশে ফিরিয়ে নিতে পারে। তার পরও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেকেই। গত প্রান্তিকেও ৩ দশমিক ৭ শতাংশ মজুরি বাড়ানো হয়েছিল অস্ট্রেলিয়ায়।