রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন একটি উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি বসুন্ধরার আই ব্লকে অবস্থিত জেসিএক্স টাওয়ারে আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ কে এম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড ও সাব-ব্রাঞ্চ বিভাগের প্রধান বোরহান উদ্দিন। এ সময় ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকার অন্যতম দ্রুতবর্ধনশীল অঞ্চল, যেখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, করপোরেট অফিস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। গ্রাহকদের আরো সহজ ও উন্নত ব্যাংকিং সুবিধা দেয়ার লক্ষ্যেই এ নতুন উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাদের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন কৌশলের অংশ হিসেবে উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে, যাতে একক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা আরো সহজেই নিতে পারেন।

নতুন উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, সঞ্চয়পত্র ও ডিপোজিট পেনশন স্কিমে অংশগ্রহণ, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিটেন্স গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড সেবা, শিক্ষার্থী ফাইল, কনজিউমার লোন, চেকবুক প্রক্রিয়াকরণ, আস্থা অ্যাপ নিবন্ধন ও স্কুল ব্যাংকিংসহ নানা সেবা নিতে পারবেন। তবে এখানে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা দেয়া হবে না।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের মোট ৩০২টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম বুথ, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

—বিজ্ঞপ্তি