চীন ও অস্ট্রেলিয়ার বিরোধ রাজনীতির সীমা ছাড়িয়ে বাণিজ্য খাতেও ছড়িয়েছে। এর জের ধরে অস্ট্রেলিয়া থেকে কয়লা রফতানি ধসের মুখে পড়েছে। চলতি বছর অস্ট্রেলিয়া থেকে জ্বালানি পণ্যটির সম্মিলিত রফতানি আগের বছরের তুলনায় ৭ শতাংশ কমতে পারে। জ্বালানি পণ্যটির রফতানি বাবদ রাজস্ব আয় কমতে পারে প্রায় ৩৫ শতাংশ। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি এ আশঙ্কার কথা জানিয়েছে। খবর রয়টার্স ও মেটাল বুলেটিন।

অস্ট্রেলীয় কয়লার অন্যতম রফতানি গন্তব্য চীন। তবে বিরোধের কারণে অস্ট্রেলিয়া থেকে জ্বালানি পণ্যটির আমদানিতে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বেইজিং। এর জের ধরে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অস্ট্রেলীয় কয়লা রফতানিতে রীতিমতো ধস নেমেছে। রফতানির পরিমাণ ১৯৮৮ সালের একই সময়ের পর্যায়ে নেমে এসেছে। ফলে ২০২০ সাল শেষে অস্ট্রেলিয়া থেকে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ৭ শতাংশ কমে ১৯ কোটি ৯০ লাখ টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে দেশটির সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর শেষে কয়লা রফতানি বাবদ অস্ট্রেলিয়ার সরকারের রাজস্ব আয় আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কমতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির শিল্প বিভাগ। এ সময় ধাতব কয়লা রফতানি করে রাজস্ব আয় দাঁড়াতে পারে ২ হাজার ২০০ কোটি অস্ট্রেলিয়ান ডলারে, যা দেশটির সরকারের আগের প্রাক্কলনের তুলনায় প্রায় ১০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার কম।