আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আগে থেকেই বাড়তির দিকে ছিল। বড়দিনের ছুটি কাটিয়ে বাজার চালুর পর কৃষিপণ্যটির দাম আরো বেড়েছে। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে সয়াবিনের দাম বেড়ে সাড়ে ছয় বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে। এদিন সয়াবিনের পাশাপাশি সিবিওটিতে ভুট্টার দাম আগের তুলনায় বেড়েছে। তবে কমে এসেছে গমের দাম। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে সর্বশেষ কার্যদিবসে সয়াবিনের দাম আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৯ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিনের দাম দাঁড়িয়েছে ১২ ডলার ৭৬ সেন্টে। দিনের শুরুতে প্রতি বুশেল সয়াবিনের দাম ১২ ডলার ৮০ সেন্টে উঠেছিল। ২০১৪ সালের জুনের পর এটাই সিবিওটিতে সয়াবিনের সর্বোচ্চ দাম।

চীনা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে চীনের আমদানিকারকরা যুক্তরাষ্ট্র থেকে সব মিলিয়ে ৬০ লাখ ৪০ হাজার টন সয়াবিন আমদানি করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৬ শতাংশ বেশি। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে চীনে মোট ২৫ লাখ ৬০ হাজার টন সয়াবিন আমদানি হয়েছিল।

খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানি বৃদ্ধির খবর ছুটির পর সয়াবিনের বাজার চাঙ্গা করে তুলেছে। বাণিজ্যযুদ্ধের লাগাম টেনে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি ধীরে ধীরে বাড়াচ্ছে চীন। এমনকি করোনা মহামারীর মধ্যেও দুই দেশের সয়াবিন বাণিজ্য চাঙ্গা হয় উঠেছে। এর প্রভাব পড়েছে কৃষিপণ্যটির বাজারে। দীর্ঘমেয়াদে চাঙ্গা রয়েছে সয়াবিনের দাম।

চীনে আমদানি বৃদ্ধির খবরের পাশাপাশি আর্জেন্টিনার রফতানি পরিস্থিতি সয়াবিনের মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। গত সপ্তাহে আর্জেন্টিনায় শ্রমিক আন্দোলনের জের ধরে কৃষিপণ্যটির রফতানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে।

সয়াবিনের পাশাপাশি সর্বশেষ কার্যদিবসে সিবিওটিতে ভুট্টার দাম বেড়ে প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চে উন্নীত হয়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার দাম দাঁড়িয়েছে ৪ ডলার ৫৫ সেন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৯ শতাংশ বেশি। ২০১৯ সালের জুলাইয়ের পর এটাই সিবিওটিতে ভুট্টার সর্বোচ্চ দামের রেকর্ড। এর মধ্য দিয়ে টানা ১১ কার্যদিবস ধরে ভুট্টার দাম বাড়তির দিকে রয়েছে। আর্জেন্টিনা থেকে কৃষিপণ্যটির রফতানি বাধাগ্রস্ত হওয়ার খবর ভুট্টার দাম বাড়িয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

তবে সয়াবিন ও ভুট্টার দাম বাড়লেও বড়দিনের ছুটির পর গমের দাম কমে এসেছে। এ নিয়ে টানা দ্বিতীয় কার্যদিবস গমের দাম কমল। এদিন সিবিওটিতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের দাম দাঁড়িয়েছে ৬ ডলার ২৬ সেন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ২ শতাংশ কম।