দেশে দেশে কভিড-১৯ ভ্যাকসিনের আনুষ্ঠানিক প্রয়োগ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছিল। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার জ্বালানি পণ্যটির দাম বেড়ে গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে যায়। তবে গতকাল জ্বালানি তেলের দাম সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমে এসেছে। ভ্যাকসিন প্রয়োগের পরও বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্তের জের ধরে জ্বালানি পণ্যটির এ দরপতন। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমলেও এখনো নয় মাসের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।

যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল দিনের শুরুতে প্রতি ব্যারেলে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। এ সময় ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৪৮ ডলার ২৯ সেন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় ৭ সেন্ট কম। গতকাল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় কমেছে ব্যারেলে ১৩ সেন্ট। দিনের শুরুতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫১ ডলার ৩৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম। বৃহস্পতিবার দুই ধরনের জ্বালানি তেলের দাম বেড়ে নয় মাসের সর্বোচ্চে উন্নীত হয়েছিল।

খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাজ্যের পর পর যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরবসহ কয়েকটি দেশে কভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে মহামারীর দ্রুত বিদায় দেয়া নিয়ে তৈরি হয়েছে আশাবাদ। এ আশাবাদ বছরের শেষ ভাগে এসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির মূল্যবৃদ্ধিতে সহায়ক হয়েছে।

তবে ভ্যাকসিনের আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হলেও করোনা সংক্রমণ আগের তুলনায় বাড়তির পথে। শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার দেশগুলোয় নতুন করে সংক্রমণ বাড়ছে। ইউরোপের অনেক দেশ এরই মধ্যে লকডাউনের বিধিমালা কড়া করেছে। শীত মৌসুমে এ পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষত বড়দিনের ছুটির আগে কিংবা ভ্যাকসিনের সফলতার দৃশ্যমান প্রমাণ পাওয়ার আগে করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে।

কমনওয়েলথ ব্যাংকের কমোডিটিজ এনালাইসিস বিভাগের পরামর্শক বিবেক ধর বলেন, চলতি বছরের শেষ ভাগে এসে জ্বালানি তেলের বাজার চাঙ্গা হয়ে উঠলেও দীর্ঘমেয়াদে এমন পরিস্থিতি দেখা নাও যেতে পারে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করবে বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির সম্ভাবনা।