চীনা প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেড ২ কোটি ৮২ লাখ ডলার বিনিয়োগে উত্তরা ইপিজেডে একটি ডাইড টেক্সটাইল ইয়ার্ন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সঙ্গে গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিনিয়োগের জন্য উত্তরা ইপিজেডকে নির্বাচন করার জন্য নির্বাহী চেয়ারম্যান ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেডকে ধন্যবাদ জানান। পটুয়াখালী ও যশোর ইপিজেড স্থাপনের কথা উল্লেখ করে তিনি সেখানে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান। ইউ মিন জানান, উত্তরা ইপিজেডে এটা তাদের প্রথম বিনিয়োগ এবং এখানে আরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। শিগগিরই তারা কারখানার উৎপাদন শুরু করতে পারবেন।
কারখানাটি ১ হাজার ৮১৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তারা বার্ষিক ১২ হাজার টন ডাইড টেক্সটাইল ইয়ার্ন উৎপাদন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।










