জরুরি প্রয়োজন না হলে কারখানায় শ্রমিক নিয়োগ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। যদি নতুন নিয়োগের প্রয়োজন হয়, সেক্ষেত্রে শ্রমিকের সব তথ্য যাচাইপূর্বক নিয়োগ দিতে বলেছে সংগঠনটি। সদস্য কারখানাগুলোয় পাঠানো বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমানের সই করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
সার্কুলারে বলা হয়, দেশের প্রধানতম রফতানি খাত নিট পোশাক শিল্প বর্তমানে একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধের ডামাডোলের কারণে অর্থনৈতিক সংকট প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও নেতিবাচকভাবে পড়ছে এবং স্বাভাবিকভাবেই দেশের প্রধানতম রফতানি খাত নিট পোশাক শিল্পে এর ঋণাত্মক প্রবাহ আমরা এরই মধ্যে লক্ষ্য করতে শুরু করেছি।
এতে আরো বলা হয়, এর মধ্যেই ন্যূনতম জরুরি কাঠামো ঘোষিত হয়েছে, যা কষ্টকর হলেও বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বা মহল এ সুযোগে শিল্পটিকে ধ্বংস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রের ছক আঁকছে। মনে রাখতে হবে, দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে এবং শ্রমিকদের স্বার্থে এ শিল্পকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কৌশলমাফিক নীতি প্রণয়ন।
নিয়োগ বন্ধ রাখার নোটিস যাতে কারখানার গেটে দৃশ্যমান হয়, তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে সার্কুলারে। কারখানায় সব ধরনের বিশৃঙ্খলা এড়ানোর বিষয়েও নির্দেশনা দিয়েছে সংগঠনটি।










