২১ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ (ডিআইটিএফ)। এবার মেলার ২৮তম আসর বসবে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। ওই দিন সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাণিজ্য সচিব বলেন, ‘২১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন হতে চলেছে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করবেন। পূর্বাচল এক্সপো সেন্টারে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে।’
প্রতি বছর ১ জানুয়ারি থেকে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে এবার নির্বাচনের কারণে মেলার তারিখ নির্ধারণ পেছানো হয়। এবারের বাণিজ্য মেলায়ও দেশী পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে। গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। আসন্ন মেলায় তা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে ন্যূনতম ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে সাধারণ স্টল ৪ লাখ টাকা ও সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে টিকিটের মূল্যও। বড়দের জন্য ৫০ টাকা আর ছোটদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরগুলোয় এ টিকিটের মূল্য ছিল যথাক্রমে ৪০ টাকা ও ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ও সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
প্রবেশ পথ বা গেটের ইজারা পেয়েছে এশিয়াটিক সোসাইটি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। মেলায় ১২টি দেশ অংশ নেবে। গত সময়ের মতো ছোট-বড় মিলিয়ে প্রায় ৩৩৫টি স্টল থাকবে। শিশুদের জন্য শিশুপার্ক আর মোবাইল নেটওয়ার্কের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।











