উচ্চপ্রযুক্তির পরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে আবুধাবি। স্থল, জল ও আকাশপথে প্রচলন করা হবে অত্যাধুনিক ও স্বচালিত গাড়ি। পরিকল্পনা বাস্তবায়ন হলে তা সংযুক্ত আরব আমিরাতের জিডিপিতে ৩ হাজার ২৭০ কোটি ডলার অবদান রাখতে পারবে। তাছাড়া তৈরি হবে ৫০ হাজার কর্মসংস্থান। দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিমুখী ও টেকসই পরিবহন খাতের নজির স্থাপন করতে চায় আবুধাবি। আবুধাবির অর্থনৈতিক উন্নয়ন বিভাগ এ তথ্য জানিয়েছে (এডিডিইডি)। খবর দ্য ন্যাশনাল।
সার্বিকভাবে প্রকল্পটির তত্ত্বাবধান করবে দ্য স্মার্ট অ্যান্ড অটোনমাস ভেহিকলস ইন্ডাস্ট্রি (এসএভিআই)। আবুধাবির শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় এসএভিআই প্রকল্পকে। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি অত্যাধুনিক ও টেকসই হবে। এডিডিইডির প্রধান আহমেদ আর জাবি বলেন, ‘আবুধাবির অর্থনীতিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে এসএভিআই প্রকল্প হবে মাইলফলক। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি নিয়ে আসবে। উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য তৈরি করবে নতুন সুযোগ।’
প্রকল্প বাস্তবায়নের জন্য অবকাঠামোগত উন্নয়নে হাত দেবে। সরকার, বিভিন্ন সংস্থা ও শিল্পোৎপাদন কর্তৃপক্ষের সঙ্গে তৈরি করা হবে অংশীদারত্ব। গাড়িগুলো পরীক্ষামূলকভাবে চালানো হবে নিবরাস আল আইন অ্যারোস্পেস পার্ক, দ্য ইয়াস ম্যারিনা সার্কিট এবং মুসাফফাহ বন্দরে। আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বদর আল ওলামা বলেন, ‘আবুধাবি পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে চায়। বিশেষ করে ভবিষ্যৎ পরিবহন অবকাঠামো নিয়ে কাজ করতে চায়। আমরা এমন এক ভবিষ্যৎ নির্মাণ করতে চাই, যেখানে দ্রুততা, টেকসই ও নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যায়।’
বাজার ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান স্ফেরিক্যাল ইনসাইট অ্যান্ড কনসাল্টিংয়ের দাবি, ২০২২ সালে বৈশ্বিকভাবে স্মার্ট মোবিলিটি খাতের আকার ছিল ৪ হাজার ৮৫৪ কোটি ডলার। এটি ২০৩১ সালের মধ্যেই ২১ শতাংশ বেড়ে দাঁড়াবে ৪০ হাজার ৪০০ কোটি ডলার। আরেক গবেষণা প্রতিষ্ঠান মরদোর ইন্টেলিজেন্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্বচালিত গাড়ির বাজার চলতি বছরে ৩ হাজার ৩৪৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২৮ সালের মধ্যে খাতটি ২৩ শতাংশ বেড়ে। আকার দাঁড়াবে ৯ হাজার ৩৩০ কোটি ডলার।
এর মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত সরকার। বিশেষ করে স্বচালিত গাড়ির পরিষেবা উন্নয়নের জন্য নেয়া হয়েছে বহুমুখী পরিকল্পনা। ইয়াস আইল্যান্ডে স্বচালিত গাড়ি পরিষেবা চালু করা হয়েছে পরিষেবা প্রতিষ্ঠান টিএক্সএআইয়ের তত্ত্বাবধানে। শুরু করা হয়েছে ড্রোন সরবরাহ প্রকল্পও। চলতি সপ্তাহেই আবুধাবিতে যাত্রা শুরু করেছে ট্রামসদৃশ বিদ্যুচ্চালিত বাস। এসএভিআই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আবুধাবি সে প্রচেষ্টাকে দ্বিগুণ করবে।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে কপ২৮ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার ঠিক আগে এমন পরিকল্পনা প্রকাশ করল দেশটি। এসএভিআইয়ের পেছনে রয়েছে আবুধাবির সবচেয়ে বড় সংস্থাগুলো। দেশের স্থল, জল ও আকাশপথের পরিষেবাকে অত্যাধুনিক করতে নেয়া হবে প্রযুক্তিগত পরিবর্তনের সিদ্ধান্ত। পরিচালনাগত বিষয়াবলি তত্ত্বাবধান করবে আবুধাবি ডিপার্টমেন্ট অব ইকোনমিক ডেভেলপমেন্ট ও জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি। প্রযুক্তি ও গবেষণায় থাকবে মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট ও খলিফা ইউনিভার্সিটি।










