স্বয়ংক্রিয় যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানি কন্টিনেন্টালের কিছু অংশের মালিকানা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি ইনস্ট্রুমেন্ট প্যানেল ও ডিসপ্লে তৈরি করে। হস্তান্তর কার্যক্রম সহজ ও মালিকানা পরিবর্তনের পথ তৈরিতে একটি ইউজার এক্সপেরিয়েন্স ইউনিটও চালু করবে কন্টিনেন্টাল। খবর রয়টার্স।
জার্মান কোম্পানিটি জানিয়েছে, ১৪০ কোটি ইউরো মূল্যের অটোমোটিভ বিভাগের মধ্যে একীভূত বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠনের বিষয়েও কাজ চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি কন্টিনেন্টাল কর্তৃপক্ষ।
কন্টিনেন্টাল গ্রুপটির প্রধান ব্যবসা টায়ার তৈরি। তবে এর অটোমোটিভ বিভাগ ইউজার এক্সপেরিয়েন্সের পাশাপাশি সফটওয়্যার সিকিউরিটি ফিচার ও অটোনোমাস ড্রাইভিং টেকনোলজি নিয়ে কাজ করে। এছাড়া কন্টিটেক নামের তৃতীয় শাখা গাড়ি ও অন্যান্য সেক্টরের জন্য ডিজিটাল প্রযুক্তি উৎপাদন করে।
হ্যানোভারভিত্তিক কোম্পানিটি গত মাসে জানিয়েছিল, বিশ্বব্যাপী অটোমোটিভ বিভাগের হাজার হাজার কর্মী ছাঁটাই করবে তারা। আর ব্যবসায়িক অঞ্চলের সংখ্যা ছয় থেকে পাঁচে নামিয়ে আনবে। তবু বিভাগটি কন্টিনেন্টালের মধ্যেই থাকবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী নিকোলাই সেটজার। তিনি সম্প্রতি বলেন, ‘ফার্মে একটি বিস্তৃত পুনর্গঠন সম্পর্কে ভাবছে। কেননা আমরা একটি পতনশীল বাজার মূলধন বাড়ানোর চেষ্টায় আছি।’ এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘স্বচালিত ব্যবসা আমাদের সঙ্গে আছে। এটি আমাদের সঙ্গেই থাকবে।’
সম্প্রতি কন্টিনেন্টাল জানিয়েছে, পরবর্তী দুই থেকে তিন বছরে মোট বিক্রির লক্ষ্যমাত্রা ৪ হাজার ৪০০ কোটি ইউরো থেকে ৪ হাজার ৮০০ কোটি ইউরো নির্ধারণ করেছে তারা, যা পরবর্তী তিন থেকে পাঁচ বছরে ৫ হাজার ১০০ কোটি থেকে ৫ হাজার ৬০০ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।
কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাটজা গার্সিয়া ভিলা জানান, বছর শেষে তারা কন্টিটেক বিভাগে প্রায় ৭০০ কোটি ইউরোর নিচে বিক্রি করবে। টায়ার বিভাগে প্রায় ১ হাজার ৪০০ কোটি ইউরো আর অটোমোটিভ বিভাগে বিক্রির পরিমাণ হতে পারে প্রায় ২ হাজার কোটি ইউরো।
গার্সিয়া ভিলা বলেন, ‘এটি কন্টিটেকে ৭ শতাংশের কাছাকাছি, টায়ার বিভাগের ১৩ শতাংশ বা তার বেশি এবং অটোমোটিভ বিভাগে ২ শতাংশের কাছাকাছি একটি সামঞ্জস্যপূর্ণ আয়ের প্রত্যাশা করছে।’










