সম্মিলিতভাবে স্থানান্তরকারী তিন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)। এরই মধ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদে এ বিষয়ে অনুমোদন নেয়া হয়েছে। কোম্পানি তিনটি হলো ইউনাইটেড আনোয়ার পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড ও ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, ইউনাইটেড পাওয়ার কোম্পানি তিনটির সঙ্গে একীভূত হলে তাদের ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বাড়বে। কোম্পানি তিনটির সঙ্গে একীভূতকরণের স্কিমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেবে কোম্পানিটি। পাশাপাশি ব্যাংক ও অন্য ঋণদাতাদেরও অনুমোদন চাইবে ইউপিজিডিসিএল।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইউনাইটেড পাওয়ারের সমন্বিত আয় হয়েছে ৩ হাজার ৩২৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ২ হাজার ৪৮৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে প্রায় ৮৩৮ কোটি টাকা বা ৩৩ দশমিক ৭১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১ হাজার ২২ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল প্রায় ৮৭৮ কোটি টাকা।

 এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ১৪৫ কোটি টাকা বা ১৬ দশমিক ৫৩ শতাংশ। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১৪ টাকা ৮৩ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউনাইটেড পাওয়ারের সমন্বিত আয় হয়েছে ১ হাজার ২৪৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৮৬৭ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে প্রায় ৩২৪ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১৬ কোটি টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৫ টাকা ৩৩ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৫২ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড পাওয়ার। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। যেখানে এর আগের বছরে যা ছিল ১০ টাকা ২৪ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৬ টাকা ১৮ পয়সায়।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৭২ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি। এর ৯০ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৩৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৩ ও সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে বাকি ২ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল ইউনাইটেড পাওয়ার শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৪০ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২২৮ টাকা ৭০ পয়সা ও ৩১৩ টাকা ৬০ পয়সা।