বিশ্বের সর্বাধুনিক অবকাঠামো নির্মাণ শিল্পসামগ্রী, আসবাব উৎপাদন শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি ও বৈদ্যুতিক সরঞ্জামের অত্যাধুনিক পণ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২, ৩ ও ৪ নম্বর হলে ২৩-২৫ নভেম্বর এসব প্রদর্শনী চলবে।

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড ও ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট ইন্ডিয়া লিমিটেড আয়োজিত প্রদর্শনীগুলোয় ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। 

সপ্তমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ বিল্ডকন-২০২৩’ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের আর্কিটেকচারাল এবং বিল্ডিং হার্ডওয়্যার, তালা, ফিটিংস ও টুলস, রান্নাঘর, বাথরুম, স্যানিটারিওয়্যার, সিরামিক টাইলস টেপ অ্যান্ড সিল্যান্ট, ইপিডিএম রাবার অ্যান্ড প্রোফাইল, আর্থিং, ইউপিভিসি, কাঠের দরজা-জানালা, জিও টেক্সটাইল, ব্যাচিং প্লান্ট সিভিল অ্যান্ড রোড কংক্রিট মিক্সার, নির্মাণ সরঞ্জাম, মেশিনসহ অত্যাধুনিক পণ্য দেখতে পারবেন দর্শনার্থীরা। 

এদিকে ‘বাংলাদেশ উড-২০২৩’ দেশের একমাত্র বাণিজ্য প্রদর্শনী, যেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কাঠ ও আসবাব শিল্পের সঙ্গে সম্পর্কিত প্রযুক্তি, সংশ্লিষ্ট উপকরণ, মেশিনারি, টুলস ও গৃহসজ্জার আধুনিক পণ্য প্রদর্শন করা হয়। 

দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘এলপ্রোটেক’-এ বৈদ্যুতিক পণ্যের যন্ত্রপাতি, আনুষঙ্গিক ও খুচরা যন্ত্রাংশ প্রদর্শন করবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। 

অনুষ্ঠানের আয়োজক আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘শুরু থেকেই বিভিন্ন স্টেকহোল্ডার আমাদের এ প্রদর্শনীগুলোর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ব্যবহার ও আমদানির সুযোগ পাচ্ছে। মহামারী করোনার কারণে বিগত কয়েক বছর চীন অংশ নিতে না পারলেও এবারের প্রদর্শনীতে বিভিন্ন আকর্ষণীয় পণ্য নিয়ে দেশটি অংশ নিচ্ছে।’