আইসিই ফিউচারস এক্সচেঞ্জের গুদামগুলোয় বাড়ছে অ্যারাবিকা কফির মজুদ। এর ফলে জনপ্রিয় পানীয় পণ্যটির বাজারদর নিম্নমুখী চাপের মধ্যে পড়তে যাচ্ছে। এরই মধ্যে অ্যারাবিকা কফির দাম এক বছরের সর্বনিম্নে অবস্থান করছে। খবর রয়টার্স।

বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কায় আগে থেকেই আইসিইতে অ্যারাবিকা কফির ভবিষ্যৎ সরবরাহ মূল্য নিম্নমুখী চাপের মুখে ছিল। তার ওপর ব্রাজিলে রেকর্ড উৎপাদন বৃদ্ধির খবরে পণ্যটির দাম আরো কমেছে। এবার নতুন করে যুক্ত হয়েছে ঊর্ধ্বমুখী মজুদ।  তবে মজুদ বাড়লেও তা ২৩ বছরের সর্বনিম্নে অবস্থান করছে। গত দুই দশক ধরে মজুদ ১০-৫০ লাখ ব্যাগের মধ্যেই ওঠানামা করেছে। কিন্তু বর্তমানে তা ৩ লাখ ৮০ হাজার ব্যাগে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মজুদে নতুন করে আরো এক লাখ ব্যাগ অ্যারাবিকা কফি যুক্ত হচ্ছে।