ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা তাদের সাম্প্রতিক বৈঠকে নতুন করে সুদহার বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছেন না। ফেডারেল ওপেন মার্কেট কমিটির নভেম্বরের সভার কার্যবিবরণী অনুসারে সিদ্ধান্ত নিয়েছে ফেড। চলতি সপ্তাহে কার্যবিবরণীটি প্রকাশ করা হয়। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
কার্যবিবরণীতে নিশ্চিত করা হয়েছে ফেডের সব কর্মকর্তা এখনো মনে করছেন, ভবিষ্যতে সুদহার নির্ধারণের সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে মূল্যস্ফীতি ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার জন্য অর্থনীতিতে যথেষ্ট চাপ সৃষ্টি করতে পেরেছে কিনা তা নিয়ে এখনো আলোচনা রয়ে গেছে।
কার্যবিবরণীতে বলা হয়েছে, যদি আর্থিক প্রতিবেদনে দেখা যায় ফেড কমিটির মূল্যস্ফীতির লক্ষ্য অর্জনের তেমন বেশি অগ্রগতি হয়নি, তবে সুদহার বাড়ানোর প্রয়োজন হতে পারে। যদিও সব ফেড কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, সুদহার নীতিটি কিছু সময়ের জন্য সীমাবদ্ধ রাখতে হবে। এটি ততক্ষণ করতে হবে, যতক্ষণ না মূল্যস্ফীতি স্পষ্টভাবে ফেডের লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে।
নভেম্বরের বৈঠকে ফেড তার প্রকৃত সুদহার না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি টানা দ্বিতীয় বৈঠক ছিল, যেখানে তারা সুদহার স্থিতিশীল রেখেছে। ফেডারেল ফান্ডের প্রকৃত সুদহার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে রয়েছে, যা ২২ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জুলাই থেকে সুদহার স্থিতিশীল রেখেছে।
ফেডের কর্মকর্তারা সুদহার বৃদ্ধি বন্ধ করার বিষয়ে সতর্ক হওয়ার অন্যতম একটি কারণ হলো এখনো অর্থনৈতিক অনিশ্চিয়তা বিদ্যমান। এছাড়া সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলি সম্প্রতি জানান, খুব দ্রুততার সঙ্গে সুদহার বৃদ্ধি বন্ধ করা হলে তা ফেডের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরো জানান, অসময়ে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করা এবং তারপর আবার সুদহার বাড়ানো বিঘ্ন সৃষ্টি করবে।
এখন পর্যন্ত ভোক্তা মূল্যবৃদ্ধি লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। সম্প্রতি এটা ধীর হওয়ার কিছু লক্ষণ দেখা গেছে। মাসিক কর্মসংস্থান বৃদ্ধি চলতি বছরের শুরু থেকে কমে এসেছে।
কার্যবিবরণীতে আরো বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এর পরও আশ্চর্যজনকভাবে তৃতীয় প্রান্তিক শক্তিশালী অবস্থানে রয়েছে।
কার্যবিবরণীতে বলা হয়েছে, ফেড কমিটির লক্ষ্যের সামনে যেসব ঝুঁকি রয়েছে, তা আরো দ্বিমুখী হয়ে উঠেছে। এটি উচ্চ মূল্যস্ফীতি বা নিম্ন প্রবৃদ্ধি সম্পর্কে উদ্বেগকে আরো বাড়িয়েছে।
ফেডের কর্মকর্তারা মনে করেন, যদি ঋণের জন্য কোম্পানিগুলোকে দীর্ঘ সময়ের জন্য আরো বেশি অর্থ ব্যয় করতে হয়, তাহলে ফেডের পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা কমে আসবে।
সম্প্রতি বন্ড মার্কেটের উত্থান বন্ডের ইল্ড হ্রাস করেছে। কম বন্ড ইল্ড, এর অর্থ হচ্ছে কোম্পানিগুলো সস্তা ঋণ নিতে পারবে। সুতরাং এটি আসলে আর্থিক পরিস্থিতিকে কিছুটা শিথিল করেছে। ফেড নীতিনির্ধারকরা ঋণ ব্যয় কমে আসা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। কারণ সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতিও কমে এসেছে।
এখন মূল বিতর্ক হলো ফেড কখন এবং কত দ্রুত আগামী বছর সুদের হার হ্রাস করবে। চলতি মাসের শুরুতে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল জানান, ফেডারেল ওপেন মার্কেট কমিটি এখনই সুদহার কমানোর কথা ভাবছে না। ব্যবসায়ীরা আশা করছেন, ফেড ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত সুদের হার হ্রাস স্থগিত রাখবে।










