বাংলাদেশের সঙ্গে খাদ্য, জ্বালানি, লজিস্টিকস এবং উৎপাদন খাতে বাণিজ্য জোরদারের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সৌদি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে এ আগ্রহের কথা জানান সৌদি আরবের ব্যবসায়ীরা। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এ বৈঠকের আয়োজন করে।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ এ আল ফালিহ। তিনি বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। এতদিন সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুধু কয়েকটি খাতে বিদ্যমান ছিল। তবে পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্যকে সহজতর করার উপায় খুঁজে বের করার সময় এসেছে এখন। বাংলাদেশের প্রতি সৌদি আরবের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ব্যাপক বাণিজ্য সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্ভাবনাগুলো কাজে লাগাতে বাংলাদেশ সরকার উভয় দেশের ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করবে।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন এখন বিশ্বব্যাপী সমাদৃত। উন্নয়নের ধারাবাহিকতায় ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।’
মাহবুবুল আলম বলেন, ‘সরকার সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৩০০ একর জমি বরাদ্দ রেখেছে।’ বরাদ্দকৃত জমিতে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য সৌদি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক উপমন্ত্রী বদর আই আলবদর বলেন, ‘বাংলাদেশে আমরা বহুমুখী বিনিয়োগ করতে চাই। প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি খাত দিয়ে বাণিজ্য শুরু করলেও ভবিষ্যতে সৌদি আরব আরো বেশি খাতে বাণিজ্যে আগ্রহী।’









