লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) গুদামগুলোয় অ্যালুমিনিয়ামের মজুদ এরই মধ্যে প্রায় ১৭ বছরের সর্বনিম্নে নেমেছে। আগামী দিন ও সপ্তাহগুলোয় মজুদ আরো কমার আশঙ্কা রয়েছে। কারণ এলএমই নেটওয়ার্ক থেকে ধাতুটির মজুদ সরবরাহ বাড়ছে। ভয়াবহ সংকট থাকায় ইউরোপের বাজারে সবচেয়ে বেশি সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুতের রেকর্ড সর্বোচ্চ দামের কারণে ইউরোপে অ্যালুমিনিয়াম উৎপাদন অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা জানান, ধাতুটি জ্বালানি, শিল্প উৎপাদন ও প্যাকেজিং শিল্পে ব্যবহার হয়।

তথ্য বলছে, চলতি বছর পশ্চিম ইউরোপের দেশগুলোয় অন্তত সাত কোটি টন অ্যালুমিনিয়াম ব্যবহার হবে, যা বৈশ্বিক ব্যবহারের ১০ শতাংশ।

সিটি গ্রুপের বিশ্লেষক ম্যাক্স লেটন সম্প্রতি এক নোটে বলেন, অ্যালুমিনিয়ামের সরবরাহ ঝুঁকি ঊর্ধ্বমুখী। ৩-১২ মাসের মধ্যে ইউরোপ ও রাশিয়াজুড়ে ১৫-২০ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এলএমইতে অ্যালুমিনিয়ামের মজুদ বড় পরিসরে কমে যাওয়াকেই ইউরোপের বাজারে সংকটের পেছনে দায়ী করছেন বিশ্লেষকরা। গত বছরের মার্চের পর থেকে এলএমইতে ধাতুটির মজুদ ৭২ শতাংশ কমে ৫ লাখ ৩২ হাজার ৫০০ টনে নেমেছে, যা ২০০৫ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।

এইএনজির বিশ্লেষক ওয়েনইউ ইয়াও বলেন, গত শুক্রবার থেকে অ্যালুমিনিয়ামের দাম অব্যাহত বাড়ছে। ধাতুটির ওয়ারেন্ট স্টকস রেকর্ড সর্বনিম্নে নেমেছে। এটি চীনের বাজারে তীব্র সংকটের দিকেই ইঙ্গিত করছে।

যদিও সম্প্রতি চীনে কভিড-১৯ জনিত লকডাউনে ধাতুটির চাহিদা কিছুটা দুর্বল হয়ে এসেছে। ফলে সরবরাহ প্রবৃদ্ধি চাহিদাকে ছাড়িয়ে গিয়েছে।

সম্প্রতি এলএমইতে বাজার আদর্শ অ্যালুমিনিয়ামের দাম বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। প্রতি টন বিক্রি হয়েছে ২ হাজার ৮৬৫ ডলারে। এর আগে পণ্যটির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৮২২ ডলারে পৌঁছেছিল।

এদিকে এলএমইর গুদামে ধাতুটির মজুদ কমতে থাকায় ব্যবসায়ীরা মূল্যছাড় সুবিধা কমিয়ে দিয়েছেন। এক সপ্তাহ আগেও প্রতি টনে ৩৬ ডলার পর্যন্ত ছাড় পাওয়া যেত। কিন্তু বর্তমানে প্রতি টনে ২৬ ডলার ৫ সেন্ট ছাড় দেয়া হচ্ছে।

চলতি বছরের প্রথম দুই মাসে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে। মূলত সৌরবর্ষের ছুটি, কার্বন নিঃসরণ কমিয়ে আনা ও বিদ্যুতের নিয়ন্ত্রিত ব্যবহার উৎপাদনে নিম্নমুখী প্রভাব ফেলেছে।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীন ৬৩ লাখ ৩০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করে।