জানুয়ারিতে চীনের বাজারে অস্ট্রেলিয়ার আকরিক লোহা রফতানি ছিল ঊর্ধ্বমুখী। বাজারদর বৃদ্ধি, বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকট সত্ত্বেও দুই দেশের মধ্যে আকরিক লোহা বাণিজ্য বেড়েছে। তবে বছর শেষে অস্ট্রেলিয়া থেকে চীনের আকরিক লোহা আমদানি কমতে পারে। খবর গ্লোবাল টাইমস।

চীনের আমদানীকৃত আকরিক লোহার সবচেয়ে বড় গন্তব্য অস্ট্রেলিয়া। কিন্তু চলতি বছর দেশটির ওপর নির্ভরতা ৬০ শতাংশেরও নিচে নামতে পারে বলে মনে করছেন শিল্প বিশ্লেষকরা। ২০১৫ সালের পর আমদানিতে এতটা নিম্নমুখিতা আর কখনো দেখা দেয়নি।

অস্ট্রেলিয়া থেকে আকরিক লোহা আমদানি কমিয়ে দেয়ার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, বিরোধ দেখা দেয়ার পর থেকেই আকরিক লোহার বিকল্প উৎস খুঁজতে শুরু করে চীন। এছাড়া বাজারে বৈচিত্র্য আনার লক্ষ্যেও ভিন্ন ভিন্ন দেশ থেকে আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে চীন। ফলে দেশটি ধাতব পণ্য উৎপাদন কমাচ্ছে। এ কারণে শুধু অস্ট্রেলিয়া থেকেই নয়, বরং বিশ্বের অন্যান্য দেশ থেকেও আকরিক লোহা আমদানি কমতে পারে।