অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে খরচ কমানোর উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যের লয়েডস ব্যাংকের বিনিয়োগকারীরা। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির আড়াই হাজারের বেশি কর্মসংস্থান ঝুঁকিতে রয়েছে। খবর রয়টার্স।

বিশ্লেষক থেকে পণ্য ব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করবে লয়েডস। এদের মধ্যে অনেককেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে কী পরিমাণ কর্মী ছাটাই হবে বা কর্মসংস্থানের সুযোগ কমবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ব্যাংক সূত্র জানায়, আগামী সপ্তাহ থেকে হয়তো কর্মীদের সামগ্রিক প্রক্রিয়ার বিষয়ে জানানো হবে। এছাড়া এর মাধ্যমে নতুন করে ১২০টি পদ তৈরি হবে। দ্য গার্ডিয়ান প্রথম এ প্রক্রিয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

লয়েডস ব্যাংকের এক মুখপাত্র বলেন, ‘আমাদের গ্রাহকদের জন্য আরো কিছু করা ও তাদের প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা সরবরাহে ব্যবসার ধরন, কার্যক্রমে পরিবর্তন আনছি।’

গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, লয়েডসের প্রতিদ্বন্দ্বী বারক্লেস ১০০ কোটি পাউন্ড বা ১২৫ কোটি ডলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে। যার অংশ হিসেবে দুই হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ কমবে। এ প্রতিবেদন প্রকাশের পরই লয়েডস ব্যাংকের তথ্য প্রকাশ্যে এল।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় খুচরা ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে একটি লয়েডস ব্যাংক। ৫০০টির বেশি শাখা রয়েছে। এরা ২৪ ঘণ্টা উচ্চ গতির অনলাইন, মোবাইল ও টেলিফোন ব্যাংকিং পরিষেবা দিয়ে থাকে। পুরো ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে বাণিজ্যিক ও প্রাইভেট ব্যাংকিং সেবা দেয়ার জন্য রয়েছে বহু এটিএম বুথ।