প্রায় দুই হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ স্টিল লিমিটেড। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দাবি, ছাঁটাইয়ের সিদ্ধান্তটি পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদন পরিকল্পনার অংশ, যেখানে পরিবেশ দূষণকারী ব্লাস্ট ফার্নেসের পরিবর্তে পরিবেশবান্ধব বৈদ্যুতিক আর্ক ফার্নেস ব্যবহার করা হবে। খবর দ্য গার্ডিয়ান। 

প্রাথমিকভাবে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির পুনর্গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে আলোচনা এখনো চলমান। যুক্তরাজ্য সরকার ব্রিটিশ স্টিলের মালিক জিঙ্গি গ্রুপকে বৈদ্যুতিক আর্ক ফার্নেসে রূপান্তরের জন্য ৩০০ মিলিয়ন পাউন্ডের সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে চুক্তিটিও আলোচনা পর্যায়ে। কর্মীদের ছাঁটাই সরকারের বিনিয়োগকে প্রভাবিত করতে পারে এমনটা আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ওয়েলসের পোর্ট টালবোট স্টিলওয়ার্কসে বৈদ্যুতিক আর্ক ফার্নেসে স্থানান্তরের সুবিধার্থে টাটা স্টিলকে ৫০০ মিলিয়ন পাউন্ডের সহায়তা প্যাকেজ দিতে রাজি হয় যুক্তরাজ্য সরকার। ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেডের মুখপাত্র জানান, যুক্তরাজ্যের ইস্পাত শিল্পের জন্য একটি টেকসই ও প্রতিযোগিতামূলক ভবিষ্যৎ নির্মাণে তারা কাজ চালিয়ে যাচ্ছে।