ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী রয়েছে মূল্যস্ফীতি। রেকর্ড পর্যায়ে উন্নীত হয় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম। তবে মে মাসে দেশটিতে মূল্যস্ফীতির গতি ধীর হয়েছে। খবর রয়টার্স।

গত মাসে রাশিয়ায় ভোক্তা পর্যায়ে বার্ষিক মূল্যস্ফীতি ১৭ দশমিক ১০ শতাংশে উন্নীত হয়েছে। এ হার এপ্রিলের ১৭ দশমিক ৮৩ শতাংশের তুলনায় কিছুটা ধীর। এপ্রিলের মূল্যস্ফীতি ২০০২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের সুদহার নির্ধারণী মিটিংয়ের আগে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আজ অনুষ্ঠেয় সভায় সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশন সুদের হার ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ করবে বলে আশা করা হচ্ছে। দুর্বল ভোক্তা চাহিদা ও মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতার মধ্যে ঋণ নেয়াকে কিছুটা সাশ্রয়ী করার চেষ্টা করছে ব্যাংকটি।

ফেডারেল পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট জানিয়েছে, মে মাসে রাশিয়ার মাসভিত্তিক মূল্যস্ফীতি দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে। যেখানে এপ্রিলের এ হার ১ দশমিক ৫৬ শতাংশ ছিল। এর আগে গত মার্চে মাসভিত্তিক মূল্যস্ফীতি ৭ দশমিক ৬১ শতাংশে উন্নীত হয়েছিল। এ হার ১৯৯৯ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

এদিকে দেশটিতে সাপ্তাহিক ভিত্তিতে পণ্যের দাম বৃদ্ধির গতি নিম্নমুখী হয়েছে। ৩ জুন শেষ হওয়া সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দাম দশমিক শূন্য ১ শতাংশ কমে গিয়েছে। এ সময়ে বার্ষিক হিসেবে সাপ্তাহিক মূল্যস্ফীতি ১৭ দশমিক শূন্য ২ শতাংশে নেমেছে। এক সপ্তাহ আগেও এ হার ১৭ দশমিক ৩৫ শতাংশ ছিল।