দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বোনাস ও বেতন-ভাতা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে শেষ মুহূর্তের একটি খসড়া চুক্তি হওয়ায় এ সিদ্ধান্ত নেন তারা। ফলে বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর বা মেমরি চিপ উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা আপাতত কেটেছে। খবর বিবিসি।

বিরোধের মূল কারণ

কোম্পানির তথ্যানুযায়ী, এআই মেমরি চিপের ব্যাপক চাহিদার কারণে স্যামসাংয়ের মুনাফা আকাশচুম্বী হয়েছে। এ লভ্যাংশ বণ্টন নিয়েই মূলত বিরোধের সূত্রপাত। এর আগে প্রতিষ্ঠানটি মেমরি চিপ বিভাগের ২৭ হাজার কর্মীকে বিশাল অংকের বোনাস দেয়ার পরিকল্পনা করে। কিন্তু এ বোনাস অন্যান্য চিপ ও ইলেকট্রনিক্স বিভাগের কর্মীদের তুলনায় অন্তত ছয় গুণ বেশি হওয়ায় ইউনিয়ন এ সিদ্ধান্তের বিরোধিতা করে।

তাদের দাবি, টেসলা ও এনভিডিয়ার মতো কোম্পানির জন্য অপেক্ষাকৃত কম উন্নত চিপ তৈরিতে নিয়োজিত ২৩ হাজার কর্মীকেও সমান মূল্যায়ন করতে হবে।

বিক্ষোভ ও দাবিদাওয়া

প্রায় ৪৮ হাজার কর্মীর প্রতিনিধিত্বকারী ইউনিয়নটি জানায়, আগামীকাল থেকে ২৭ মে পর্যন্ত প্রস্তাবিত চুক্তি নিয়ে কর্মীদের মাঝে ভোটগ্রহণ চলবে। এ কারণে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ইউনিয়নের দাবি, স্যামসাংকে বার্ষিক বেতনের ৫০ শতাংশ বোনাসের সর্বোচ্চ সীমা বাতিল করতে হবে। পাশাপাশি কোম্পানির বার্ষিক পরিচালন মুনাফার ১৫ শতাংশ অংশ শ্রমিকদের বোনাস ফান্ড হিসেবে বরাদ্দ দেয়ার দাবিও জানিয়েছেন তারা।

এআই চিপের বাজারে প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স ও মাইক্রনের সঙ্গে স্যামসাংয়ের তীব্র প্রতিযোগিতা চলছে অনেক দিন ধরেই। গত বছর এসকে হাইনিক্স বোনাসের ঊর্ধ্বসীমা তুলে নেয়ায় এখন কর্মীরা স্যামসাংয়ের চেয়ে তিন গুণ বেশি বোনাস পান। ফলে স্যামসাংয়ের অনেক দক্ষ কর্মী চাকরি ছেড়ে এসকে হাইনিক্সেও যোগ দেন।

প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্যামসাংয়ের পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় প্রায় ৭৫০ শতাংশ বেড়েছে। এআই চিপের বিপুল চাহিদার কারণে মে মাসে পুঁজিবাজারে কোম্পানির বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।