গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। এ সময় এক্সচেঞ্জটিতে ২ হাজার ৬৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ২৫০ কোটি টাকা। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৪১৭ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৮৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৫১ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির। আর লেনদেন হয়নি ২৬টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক ও ইউসিবির শেয়ার।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৫ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৮ শতাংশ। ওষুধ ও রসায়ন খাত ৯ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। সবচেয়ে বেশি ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে বস্ত্র খাতে। এছাড়া সিরামিক খাতে ৪ দশমিক ১ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ২ দশমিক ৬ শতাংশ, আর্থিক কোম্পানি খাতে ২ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে ৬ দশমিক ৫ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫ দশমিক ৮ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ২ দশমিক ৯ শতাংশ।
সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৮৪ শতাংশ কমে ১৪ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৫৭৬ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে দশমিক ৯০ শতাংশ কমে ৮ হাজার ৮৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৯৬০ পয়েন্ট।










