সম্প্রতি ফার্মাসিউটিক্যালস কোম্পানিটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি। এরিস্টোফার্মা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্ব মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ করবে। পাশাপাশি নগদ লেনদেনের ঝুঁকি কমিয়ে একটি ক্যাশলেস ইকোসিস্টেম গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিস্টোফার্মার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহিদ হাসান, পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান, নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব মো. মমিনুল ইসলাম এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ সিদ্দিকুল আলম শিকদার। অন্যদিকে বিকাশের পক্ষে ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ চুক্তির আওতায় বিকাশের ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ সেবা ব্যবহার করে এরিস্টোফার্মা তার অংশীজনদের পেমেন্ট সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে পারবে। প্রাপ্ত পেমেন্ট দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের এজেন্ট পয়েন্ট অথবা এটিএম বুথ থেকে ক্যাশ আউট করা যাবে। পাশাপাশি ক্যাশ আউট না করেও অংশীজনরা বিকাশের মাধ্যমেই বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, ব্যাংকে সেভিংস খোলা, যাত্রার টিকিট-টোল, অনুদান দেয়াসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন ঘরে বসেই।