সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত খাতে দ্রুত প্রবৃদ্ধি ঘটছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খাতটিতে গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে সরকারি কার্যক্রম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (জিএস্ট্যাট)। খবর আরব নিউজ।
জিএস্ট্যাটের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত খাত তৃতীয় প্রান্তিকে পূর্ববর্তী প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। বিপরীতে জ্বালানি তেল খাতে কার্যক্রম একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। পাশাপাশি সরকারি কার্যক্রম কমেছে ৫ দশমিক ৩ শতাংশ।
সৌদি আরব গত মে মাসে জ্বালানি তেল উত্তোলন দৈনিক পাঁচ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয়। ওপেকভুক্ত দেশগুলোর সঙ্গে মিলে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত অব্যাহত থাকার কথা জানায়। পরে জুলাইয়ে এককভাবে দৈনিক আরো এক লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় দেশটি। উত্তোলন কমিয়ে আনার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া পূর্বাভাস অনুসারে, ২০২৩ সালে সৌদি আরবের প্রবৃদ্ধির হার কমবে। সেখানে প্রধান কারণ হিসেবে থাকবে জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে আনা। তবে দেশটি জ্বালানি তেলবহির্ভূত খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দেবে। সৌদি আরব জ্বালানি তেলবহির্ভূত খাতকে সম্প্রসারণ করতে নতুন লক্ষ্যমাত্রা গ্রহণ করছে। সে অনুসারে দেশের পর্যটন, শিল্পোৎপাদন, পরিষেবা ও প্রযুক্তি খাতকে সাজানো হচ্ছে।










