২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আরব রাষ্ট্রগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারলেই কেবল এ লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছানো সম্ভব। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষক সংস্থা গ্লোবাল এনার্জি মনিটর জানায়, আগামী আট বছরের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সৌর এবং বায়ুবিদ্যুৎ সক্ষমতা ১২ দশমিক ১ গিগাওয়াট থেকে প্রায় ৭৩ গিগাওয়াটে উন্নীত হবে। নির্মাণাধীন প্রকল্পগুলো আরো ৭ দশমিক ৬ গিগাওয়াট সক্ষমতা যোগ করবে।

২০১৩ সালে এ অঞ্চলের নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৮০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করে আরব লীগ। বর্তমান আরব বিশ্বের মধ্যে মিসরের নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সবচেয়ে বেশি।

গ্লোবাল এনার্জি মনিটরের তথ্য বলছে, দেশটির নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩ দশমিক ৫ গিগাওয়াট।