চলতি সপ্তাহ থেকে দুবাইয়ে কেবিন ক্রু নিয়োগ দিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ। গতকাল থেকে প্রার্থীরা আবেদন শুরু করেছেন। খবর খালিজ টাইমস।
এ বিষয়ে আবুধাবিভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থাটি এক বিবৃতিতে জানায়, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ব্যস্ত সময় পার করছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। ইতিহাদ এয়ারওয়েজের বহরে নতুন এয়ারবাস এ৩০ যুক্ত হবে। এরই মধ্যে এ বছরের জন্য কর্মী নিয়োগ শুরু করেছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। আগ্রহীরা ডানসিট থানি দুবাইয়ে গতকাল থেকে তাদের সিভি জমা দেয়া শুরু করেছেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) উড়োজাহাজ পরিবহন সংস্থাটি এক হাজার কর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছিল। আতিথেয়তা খাতে অভিজ্ঞদের কেবিন ক্রু পদে নিয়োগে প্রাধান্য দেয়া হবে।
গত কয়েক প্রান্তিকজুড়েই ইউএইর উড়োজাহাজ
পরিবহন সংস্থাগুলো নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। ব্যয়ভার সামলাতে কর্মী ছাঁটাইও করে প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি বহু কর্মীকে অস্থায়ী ছুটি দেয় সংস্থাগুলো। সম্প্রতি কভিডজনিত বিধিনিষেধ শিথিল হতে শুরু করায় ব্যবসা পুনরুদ্ধারে নেমেছে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। এরই ধারাবাহিকতায় অস্থায়ী কর্মীদের আবারো কাজে ফেরার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। এ মাসের শুরুতেই ৩০০টি চাকরি দেশীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, কেবিন ক্রুদের সুবিধাজনক বেতন ও প্যাকেজ দেয় ইতিহাদ এয়ারওয়েজ। আধুনিক বাসস্থানের সুবিধাসহ ভ্রমণ ভাতাও দেয়া হয়। এছাড়া শেখার সুযোগও আছে কর্মীদের জন্য। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও পুরস্কার জেতা দলের অংশ হওয়ার জন্য কর্মীদের আমন্ত্রণ জানানো হলো।










