বর্তমান সময়ে বিদ্যমান নানামুখী সংকটের মধ্যে বিশ্বব্যাপী সমৃদ্ধির কৌশল নির্ধারণের প্রতিপাদ্যকে সামনে রেখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরাম। গত বৃহস্পতিবার ও গতকাল ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক বিষয়ক বিভাগ এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথ উদ্যোগে এ ফোরাম অনুষ্ঠিত হয়।

এবারের ফোরামের থিম ছিল ‘বিরাজমান সংকটের মধ্যে বিশ্বব্যাপী সমৃদ্ধির কৌশল নির্ধারণ’। এতে সভাপতিত্ব করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়োজিত ফোরামে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান এফ রহমান বিশেষজ্ঞ প্যানেল সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।

ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাতে একটি রুপায় নির্মিত নৌকার রেপ্লিকা তুলে দেন। 

বাংলাদেশ কীভাবে দ্রুত অর্থনৈতিক ও উন্নয়নমূলক সমৃদ্ধি অর্জন করেছে সে বিষয়ে আলোচনার জন্য সালমান এফ রহমান এমপিকে ফোরামে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফোরামে ‘বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন যাত্রার অনুপ্রেরণা’ শীর্ষক সেশনে তিনি ভাষণ দেন। 

গত দেড় দশকে বাংলাদেশের সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে অন্য উন্নয়নশীল দেশগুলো কী ধরনের উন্নয়ন পরিকল্পনা করতে পারে, সে সম্পর্কে আলোচনা ছিল সেশনের প্রধান উদ্দেশ্য। সালমান এফ রহমান সেশন সঞ্চালক ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।